রাজধানীর শাহবাগ এলাকার হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে, যা নিয়ে সহকর্মী ও পরিচিতদের মধ্যে শোকের পাশাপাশি রহস্যের সৃষ্টি হয়েছে।
সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে ইন্টার্নশিপ সম্পন্ন করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে ওই বাসায় থাকতেন।
জিসানের রুমমেট দীপ্ত সিংহ জানান, দুপুরে বাসায় ফিরে তিনি জিসানকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এখনও পর্যন্ত তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মৃত্যুর আগে তিনি কোনো কিছু সেবন করেছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকালে বাসা থেকে বের হওয়ার সময় তাকে পরিবারের সঙ্গে কথা বলতে দেখা গেছে বলেও জানান তার রুমমেট।
জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তার বাবার নাম আহসান হাবিব। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply