চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করে বিজিবি ও পুলিশ।
আটকদের মধ্যে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পরে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ। তারা সবাই রোকনপুর সীমান্ত এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গোমস্তাপুর থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এক মধ্যবয়সী নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই নারীকে সীমান্ত অতিক্রমে সহায়তা করছিলেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তাদের তৎপরতায় পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে রাতের শেষ ভাগে তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে একই ঘটনায় আরও তিনজনকে আটক করে পুলিশ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম বলেন, ভারতের মালদহ জেলার বিএসএফ সদস্যরা নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী ভারতের অভ্যন্তরে ফিরে যান বলে তিনি জানান।