কক্সবাজার সফরের শুরুতেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছানোর পর তিনি পিএমখালী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির স্মারক হিসেবে পরিচিত। গ্রামীণ অর্থনীতি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৯৭৭ সালে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেন তিনি। পিএমখালীর পাতলী খাল সেই কর্মসূচির অন্যতম নিদর্শন। ১৯৭৯ সালের নভেম্বরে জিয়াউর রহমান নিজেই এই খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
এদিকে সরকারের বৃহৎ পানি ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি বাস্তবায়ন করছে। এর প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, খাল খননের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, খালের পাড় রক্ষা, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Leave a Reply