শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

আওয়ামী লীগকে নিয়ে সরকারের কাছে জবাব চাইলেন পাটওয়ারী

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৫ বার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের হামলা ও সহিংসতা থেকে দেশের মানুষ এখনও নিরাপদ নয়। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

শুক্রবার চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের কারণে দেশের সাধারণ মানুষ উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের হামলা থেকে বাংলাদেশের কেউই রক্ষা পাচ্ছে না।

সরকারের প্রতি প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন কীভাবে প্রকাশ্যে মিছিল ও কর্মসূচি পালন করছে, সে বিষয়ে সরকারের কাছে জনগণ জবাব প্রত্যাশা করে। তার দাবি, এ ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব লক্ষ্য করা যাচ্ছে, যা উদ্বেগজনক।

আওয়ামী লীগের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে তারা জনগণকে ভয়ভীতি বা হুমকির মুখে ফেলতে না পারে। একই সঙ্গে দেশের কোনো নাগরিকের বিরুদ্ধে সহিংসতা বা হত্যার মতো কর্মকাণ্ডের সাহসও যেন আর না পায়, সে বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে।

এর আগে চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নামাজ শেষে তারা ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত মুসল্লি ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। চট্টগ্রাম সফরকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category