চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ।
প্রাপ্ত তথ্যমতে, মৃতদের মধ্যে মক্কায় ১৯ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।
এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।
এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য হিসেবে রয়েছেন আরও ৭৭৪ জন।
হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ৩০টি ফ্লাইট।
এয়ারলাইনসভিত্তিক যাত্রী সংখ্যায় দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে গেছেন ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।