বরিশালে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সংবাদকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত ইসলামের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ করায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককেও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলার শিকার মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বর্তমানে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি স্থানীয় দৈনিক ‘আজকের সময়ের বার্তা’ পত্রিকার সংবাদকর্মী।
এ ঘটনায় অভিযুক্ত জামায়াত কর্মী অ্যাডভোকেট জাকির হোসেনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাঈন জানান, ইমন খন্দকার হৃদয় সম্প্রতি অ্যাডভোকেট জাকির হোসেনের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।
লোকমান হোসাঈনের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন স্থানীয় একটি দোকানে খাবার আনতে গেলে জাকির হোসেন হৃদয়ের গলায় গামছা পেঁচিয়ে টানতে টানতে বাসার নিচে নিয়ে যান। পরে সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকেও মারধরের হুমকি দেওয়া হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ বলেন, সাংবাদিককে হুমকি ও মারধরের ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত অ্যাডভোকেট জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “ফোনে কোনো কথা বলব না। চেম্বারে আসেন, সরাসরি কথা হবে।”
এ বিষয়ে বরিশাল জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আব্দুল জব্বার বলেন, অ্যাডভোকেট জাকির হোসেন দলের কোনো দায়িত্বশীল পদে নেই, তবে তিনি জামায়াতের কর্মী। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।