বগুড়া পুলিশ লাইন্স থেকে জেলা পুলিশের বেতার শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে পুলিশ লাইন্সের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত যে কোনো সময় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম এবং দুই সন্তান রেখে গেছেন। তার বিপি নম্বর ৮৮০৭১২৭৪৮৫।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ লাইন্সের ভেতরে বেতার শাখায় কর্মরত অবস্থায় তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নামিয়ে আনে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।