নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
শনিবার (১৬ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ আমির হোসেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে একই ঘটনায় দগ্ধ শংকর গোমেজ গত বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে দগ্ধ আরও চারজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত ১২ জনের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার দুপুরে মেঘনাঘাট এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাসের চুলা জ্বলন্ত অবস্থায় অসাবধানতাবশত আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জন দগ্ধ হন।