কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার দিকে তিনি বিমান থেকে নামেন। এ সময় বিমানবন্দরে বৃষ্টি হচ্ছিল। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা ছাতার ব্যবস্থা করে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিমানবন্দর থেকে বের করে আনেন।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কক্সবাজার সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরসূচি অনুযায়ী, সকালে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনের পর মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ ছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরের পরবর্তী অংশে তিনি মেরিন ড্রাইভ সড়ক ও কক্সবাজার সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগ দেওয়ার পর আকাশপথে ঢাকায় ফিরে যাবেন।
দীর্ঘ দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম কক্সবাজার সফর।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কক্সবাজার জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
Leave a Reply