খুলনা নগরে প্রকাশ্য দিবালোকে রফিকুল ইসলাম (৩৫) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরা থানার মাথাভাঙা এলাকার কাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের বাসিন্দা। তিনি বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাজীপাড়া বাজারে বসে থাকা অবস্থায় হঠাৎ একটি মোটরসাইকেলে করে আসা হেলমেটধারী এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার রেজাউর রহমান জানান, হামলাকারী তলপেটে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তি ঢাকায় বেশি সময় অবস্থান করতেন এবং মাঝে মাঝে এলাকায় আসতেন। তার রাজনৈতিক পরিচয় ও হত্যার কারণ এখনো যাচাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply