ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে বৃহস্পতিবার কলকাতার নেতাজি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিনেশ ত্রিবেদী। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, দুই দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিশ্বে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। তিনি মনে করেন, বাংলাদেশ ও ভারত একসঙ্গে এগিয়ে গেলে শক্তিশালী গণতান্ত্রিক অংশীদারত্ব এবং বৈশ্বিক প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। তার বয়স ৭৫ বছর। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিককে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে ভারত।
দিনেশ ত্রিবেদী পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
নতুন হাইকমিশনার হিসেবে দিনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততার কারণে তার দায়িত্ব পালনের ধরন ও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভূমিকা নিয়ে কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
Leave a Reply