দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজনের মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন। আর ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৫৪ জন। এ নিয়ে একই সময়কালে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৮৩৩ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬২ হাজার ২৯২ জন।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদফতর প্রয়োজনীয় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
Leave a Reply