বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, দেশের ব্যাংক খাতে ভয়াবহ অনিয়ম ও অর্থপাচারের কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
শনিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের ব্যাংক খাত থেকে প্রায় ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর ভাষায়, এর একটি বড় অংশ এখন খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হলেও বাস্তবে অনেক অর্থই আর ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।
গভর্নর আরও বলেন, ব্যাংক খাতের বড় একটি অংশের অর্থ এখন অনুপস্থিত বা অকার্যকর অবস্থায় রয়েছে, যাকে আনুষ্ঠানিকভাবে খেলাপি ঋণ বলা হলেও অনেক ক্ষেত্রে এর বিপরীতে পর্যাপ্ত জামানতও নেই। তিনি অভিযোগ করেন, এসব অর্থের উল্লেখযোগ্য অংশ দেশের বাইরে পাচার হয়ে গেছে।
তিনি জানান, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন। এ সময় তিনি দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার, বন্ধ শিল্পকারখানা চালু এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
গভর্নর বলেন, দেশের আর্থিক খাত বর্তমানে চাপে রয়েছে। খেলাপি ঋণ বেড়ে যাওয়া এবং অর্থপাচারের কারণে আমানতকারীদের আস্থা কমে গেছে। তবে সরকার ও বাংলাদেশ ব্যাংক সেই আস্থা পুনরুদ্ধারে কাজ করছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সময়সাপেক্ষ হলেও এটি এখন সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যেসব ঋণ খেলাপি হয়েছে তার অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত জামানত নেই, ফলে আদায় প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে।
ঘোষিত প্রণোদনা প্যাকেজ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি বাড়বে এবং দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Leave a Reply