লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, ওই সময় মেইন পিলার ৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় ভারতীয় কাটাতারের বেড়া কেটে একটি চোরাকারবারি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
বিজিবি সদস্যরা তাদের থামানোর নির্দেশ দিলে তারা তা অমান্য করে সামনে অগ্রসর হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সতর্ক করার উদ্দেশ্যে বিজিবি ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে চোরাকারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত অতিক্রম করে চোরাকারবারিরা প্রবেশের চেষ্টা করলে তাদের সতর্ক করা হয়। নির্দেশ অমান্য করায় ফাঁকা গুলি ছোঁড়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
Leave a Reply