পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদের ছুটির আগে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য মাত্র আরও দুই দিন ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এ দুই দিন স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলবে।
এরপর ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ঈদকে কেন্দ্র করে তৈরি পোশাক শিল্পে বেতন, বোনাস ও ভাতা পরিশোধ এবং আমদানি-রফতানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হবে। ওই দুই দিন অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।
এ সময়ে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থাও নতুন সময়সূচিতে পরিচালিত হবে। হাই ভ্যালু চেক ক্লিয়ারিং নির্ধারিত সময় অনুযায়ী গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে। আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম ঈদের ছুটির মধ্যেও সীমিত আকারে চলমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছুটির দিনগুলোতে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতাদি পাবেন বলে জানানো হয়েছে।
Leave a Reply