শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার লক্ষ্যে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে জানানো হয়, দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জেএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। সাধারণত একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় একবার এবং পরে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবার রেজিস্ট্রেশন করে। এই প্রক্রিয়ার মধ্যে অষ্টম শ্রেণিতে পুনরায় রেজিস্ট্রেশন যুক্ত থাকায় শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলে মনে করছে মন্ত্রণালয়।
এছাড়া অভিভাবকদের মাঝেও এ কারণে নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে বলা হয়, এসব বিষয় বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর অধীনে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে এ নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তর এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের আপাতত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না।
Leave a Reply