মাগুরায় ঝোড়ো বাতাসে গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত
- আপডেট সময় : ১১:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
মাগুরায় ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা জেলার ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শ্রীপুর উপজেলার নারকেল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের ছেলে প্রান্ত দত্ত (২৬) এবং একই উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুল মোল্যার ছেলে মাহবুব (২৭)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে প্রান্ত দত্ত ও মাহবুব একই মোটরসাইকেলে করে নাকোল এলাকা থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে একটি গাছের মরা ডাল ভেঙে তাদের মোটরসাইকেলের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত মাহবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
মর্মান্তিক এ ঘটনায় শ্রীপুর উপজেলার নাকোল ও ঘাসিয়াড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই যুবকের পরিবার ও স্বজনদের মাঝে চলছে গভীর শোক ও আহাজারি।



















