ঢাকায় প্রথমবার নারী ডিসি ও এসপি একসঙ্গে দায়িত্বে
- আপডেট সময় : ০৪:২৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ঢাকা জেলায় ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে নারী নেতৃত্বে আসছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। নতুন এই পরিবর্তনের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণে একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হলো।
ঢাকার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমান-কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামীমা পারভীন, যিনি এর আগে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে, গত ২২ এপ্রিল ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পান ফরিদা খানম। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
শামীমা পারভীন নড়াইল জেলার সন্তান। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশন-এর সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।


















