বাড্ডায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে দুইজন
- আপডেট সময় : ০৪:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে
রাজধানীর বাড্ডা এলাকায় পৃথক দুটি ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মালয়েশিয়া প্রবাসীসহ দুই ব্যক্তি সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এসব ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
আহতদের একজন মো. সোলাইমান (৩৭) এবং অপরজন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (প্রায় ৫৫)। সোলাইমানের চাচাতো ভাই রনি জানান, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকার বাসিন্দা সোলাইমান সকালে গুলশান বারিধারায় মালয়েশিয়া দূতাবাসে যাওয়ার পথে রাইদা পরিবহনের একটি বাসে ওঠেন। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে বাড্ডার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাকে বাস থেকে নামিয়ে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
অন্যদিকে, একই দিন দুপুরে উত্তর বাড্ডায় ভিক্টর পরিবহনের একটি বাসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অচেতন হয়ে পড়েন। বাসের যাত্রী শাকিল ও ওমর ফারুক তাকে উদ্ধার করে বিকেল পৌনে তিনটার দিকে ঢামেকে ভর্তি করেন। তার কাছ থেকে কোনো মালামাল পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে তাদের পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে।


















