এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ০ বার পড়া হয়েছে
আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ইতোমধ্যে টিকাদান কর্মসূচির মাধ্যমে লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ শিশু কাভার করা হয়েছে এবং অনেক এলাকায় শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ৫ মে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা ১৪ দিন এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করায় টিকাদান অগ্রগতি আরও ত্বরান্বিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে হাম প্রতিরোধে শিশুদের টিকাদান কার্যক্রমে ঘাটতি ছিল। এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে হামের টিকাদান শুরু করা হয়েছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়। এসব সহায়তা যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকলে দেশের শিশু স্বাস্থ্য সুরক্ষা ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম আরও সফল হবে।


















