কুষ্টিয়া-৪ আসনের ভোট চ্যালেঞ্জ করেছেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী
- আপডেট সময় : ১১:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্ট-এ আবেদন করেছেন।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর নেতৃত্বে একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। ওই আসনে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মো. আফজাল হোসেন।
এর আগে ২৫-এর বেশি প্রার্থী হাইকোর্টে ভোট চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলেন। হাইকোর্ট এসব আবেদনের জন্য প্রয়োজনীয় ব্যালট এবং সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় উল্লেখ আছে, এই বেঞ্চ ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদনপত্র, রুল এবং অন্যান্য আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবে।



















