সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
- আপডেট সময় : ০৩:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। কোম্পানিটি বর্তমান দামের সঙ্গে ৪১০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে এই আবেদন করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, বেসরকারি এলপিজির তুলনায় রাষ্ট্রীয় এলপি গ্যাসের দাম কম হওয়ায় ক্রসফিলিংয়ের ঘটনা ঘটছে। এ কারণে বাজারে ভারসাম্য রক্ষা এবং অপব্যবহার ঠেকাতে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বরও সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল প্রতিষ্ঠানটি। তখন ডিলার পর্যায়ে পরিবহন ব্যয়, অপারেশন খরচ বৃদ্ধি এবং ক্রসফিলিং বন্ধের যুক্তি তুলে ধরা হয়। তবে সেই প্রস্তাব নাকচ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।



















