ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এনজিওকর্মী নিহত
- আপডেট সময় : ০৩:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সাথী খাতুন (৩২) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সজিব মালাকার (২৪) আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন গাড়ুলিছড়া ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথী খাতুন খুলনা জেলার দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের জয়নগর গ্রামের লতিফ সানার মেয়ে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ–এর ফেঞ্চুগঞ্জ উপজেলা অফিসে ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার সময় গাড়ুলিছড়া ব্রিজের সামনে সড়কে থাকা বালুর কারণে মোটরসাইকেলটি স্লিপ করে নিয়ন্ত্রণ হারায়। এতে সাথী খাতুন সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক সজিব মালাকারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রামচক গ্রামের ধনঞ্জয় মালাকারের ছেলে।
আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, অফিসার ইনচার্জ (ওসি), ফেঞ্চুগঞ্জ থানা জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে। গাড়িটি (ঢাকা মেট্রো-ট ১৪-৯৯১১) জব্দ করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



















