লোহাগড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
- আপডেট সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলায় সুমাইয়া বেগম (১৬) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ইয়ামিন শেখ। শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সুমাইয়া বেগম একই উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের ফরিদ ভূইয়ার মেয়ে। কয়েক মাস আগে তার বিয়ে হয় নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের ফসিয়ার শেখের ছেলে ইয়ামিন শেখের সঙ্গে। তাদের সংসারে দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের বাবা ফরিদ ভূইয়া অভিযোগ করে বলেন, শনিবার রাতে তার মেয়ে সুমাইয়াকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করে হত্যা করেছে। পরে বিষয়টি গোপন রাখতে তারা পরিবারের কাউকে খবর দেয়নি। অন্যদের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলে জানানো হয়, সুমাইয়ার শ্বাসকষ্ট হয়েছিল এবং ওষুধ খাওয়াতে গেলে গলায় আটকে তার মৃত্যু হয়। তবে ফরিদ ভূইয়ার দাবি, তার মেয়ের কোনো শ্বাসকষ্টের সমস্যা ছিল না এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুমাইয়ার স্বামী ইয়ামিন শেখ। তিনি বলেন, তার স্ত্রীর আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে ওষুধ খাওয়ানো হয় এবং চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















