চুয়াডাঙ্গায় জমি বিতর্কে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে জমি লিখে না দেওয়ায় স্বামী মোক্তার হোসেন (৫০)কে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা ঘটেছে শুক্রবার (৬ মার্চ) রাতে। নিহত মোক্তার হোসেন একই গ্রামের মৃত সাবদাল হোসেনের ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানায়, মোক্তারের প্রথম স্ত্রী মারা যান এবং তাদের তিন সন্তান রয়েছে। পরে তিনি তনুজা খাতুনকে বিয়ে করেন এবং কিছু জমি দ্বিতীয় স্ত্রীর নামে দেন। পরে প্রথম পক্ষের সন্তানদের নামে জমি দেওয়ার বিষয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। অভিযোগ, শুক্রবার রাতে এই কলহের জেরে তনুজা খাতুন মোক্তারের খাবারের মধ্যে বিষ মিশিয়ে তাকে হত্যা করেন।
স্থানীয়রা তনুজাকে গণধোলাই করার পর পুলিশে সোপর্দ করেছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং পুলিশ প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে। তবে এ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।



















