ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
- আপডেট সময় : ০৪:১৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নতুন ভবনের ৮ তলা থেকে লাফ দিয়ে ২৫ বছর বয়সী মৌসুমী আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে।
মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। তার ভাই ইউসুফ আলী জানান, মৌসুমী গত দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে গত পাঁচ দিন ধরে তার অবস্থা আবারও খারাপ হয়েছিল। বুধবার সকালে চিকিৎসার জন্য মা তাকে নিয়ে হাসপাতালে আসেন।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৌসুমী সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে নিচে লাফ দেন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত তরুণী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “তরুণীটি ভবন থেকে পড়ে মারা গেছেন। হাসপাতাল প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিছু কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, তিনি মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।”



















