শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুনঃভর্তি ফি আদায় করলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী মিলন
- আপডেট সময় : ০৩:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি (রিরেজিস্ট্রেশন ফি) আদায় করে, তবে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নেবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “প্রতিবছর পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান যদি ভিন্নভাবে ফি আদায় করে এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এছাড়া শিক্ষামন্ত্রী এমপিও (মাসিক বেতনভুক্তি) সংক্রান্ত বিষয়গুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে বলে জানান। তিনি বলেন, “এর আগে তড়িঘড়ি করে যাচাই-বাছাই করা হয়েছিল। বিষয়টি এখন পুনরায় পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে সাতটি কলেজের বিষয়ে এখনও নথি দেখার সুযোগ হয়নি। এ জন্য একটি কমিটি গঠন করা হবে।”
শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। এই নীতিমালার মাধ্যমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদার করার লক্ষ্য ধরা হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, ভবিষ্যতে এই নিয়মের প্রতি কোনো অবমাননা বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিত আর্থিক বোঝা থেকে মুক্ত থাকে।










