নড়িয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়া উপজেলা-য় বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন-এর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয় কর্মসূচি থেকে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনের সড়কে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে জোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ভোজেশ্বর বাজারে যাওয়ার পথে উপসী গ্রামের ‘তিন দোকান’ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন প্রধান শিক্ষক নুরুল আমিন রতন। হামলাকারীরা তাকে পিটিয়ে হাত ভেঙে দেয় বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।










