কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত
- আপডেট সময় : ১০:০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)। নওশের এ বছর লিটন এঞ্জেলস সেমিনারি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং মিহাদ একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি নম্বরবিহীন আরটিআর মোটরসাইকেলে করে তারা এশিয়ান হাইওয়ে দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।



















