চট্টগ্রামের হালিশহর গ্যাস বিস্ফোরণ: মৃত বেড়ে ৪
- আপডেট সময় : ০৯:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আসুরা আক্তার পাখি (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৭ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আসুরা আক্তার পাখির বাড়ি কচুয়া থানা-র রহিমানগর গ্রামে। তিনি ওই এলাকার আবুল বাশারের মেয়ে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, পাখির শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। পাশাপাশি তার শ্বাসনালিতে দগ্ধজনিত ক্ষতি (ইনহেলেশন ইনজুরি) ছিল, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই তিনি মারা যান।
এর আগে একই ঘটনায় নুরজাহান আক্তার, তার ছেলে শাওন এবং দেবর সুমনের মৃত্যু হয়। সর্বশেষ পাখির মৃত্যুর মধ্য দিয়ে এ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা চারজনে দাঁড়াল।
এদিকে, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে আরও পাঁচজন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



















