রাতে আড্ডাবাজিতে নিষেধাজ্ঞা, সতর্কবার্তা সিলেট মহানগর পুলিশের
- আপডেট সময় : ০৮:৫৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
রমজান মাসে রাতের বেলা কিশোর-তরুণদের আড্ডাবাজি বন্ধে নতুন করে সতর্কবার্তা জারি করেছে সিলেট মহানগর পুলিশ। সতর্কবার্তা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
সিলেট মহানগরীর বিভিন্ন অলিগলীর মোড়ে রমজানের রাতে দলে দলে আড্ডায় মেতে উঠতে দেখা যায় কিশোর-তরুণদের। তাদের অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী। স্থানীয়দের অভিযোগ, এসব আড্ডা থেকে অনেক সময় বেপরোয়া আচরণ, উচ্চ শব্দে হই-হুল্লোড় এমনকি মারামারি ও সহিংসতার ঘটনাও ঘটছে। অতীতে কিছু ঘটনা গুরুতর পর্যায়েও পৌঁছেছে বলে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে।
এ পরিস্থিতিতে সম্প্রতি জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সিলেটের পুলিশ কমিশনার রাতে অপ্রয়োজনীয় আড্ডাবাজি না করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের বিষয়ে সচেতন থাকার এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে। যেসব এলাকায় আড্ডাবাজি বেশি হয়, সেখানে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশ টহল দেখলে অনেকেই সরে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ডেকে মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও যদি আড্ডাবাজি অব্যাহত থাকে, তাহলে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ শিক্ষার্থীদের আড্ডাবাজির পরিবর্তে পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। নগরবাসীর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মহানগর পুলিশ।



















