ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ, শিক্ষামন্ত্রীর কাছে চিঠি হস্তান্তর
- আপডেট সময় : ০২:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র হস্তান্তর করেন। উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন, আপৎকালীন পরিস্থিতি অনেকটাই কাটিয়ে বিশ্ববিদ্যালয় একটি ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। দায়িত্ব পালনের একটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছেন বলেই তিনি সরে দাঁড়াতে চান। তবে বিশ্ববিদ্যালয়ে যেন হঠাৎ শূন্যতা সৃষ্টি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে, সে বিষয়ে সরকার ও অংশীজনেরা প্রয়োজন মনে করলে কিছু সময় দায়িত্ব পালনে রাজি আছেন বলেও তিনি উল্লেখ করেন।










