কুষ্টিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত
- আপডেট সময় : ০৪:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়া জেলার শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, নিহতদের মধ্যে সিএনজিচালক, একজন পুরুষ যাত্রী ও তিনজন নারী যাত্রী রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সিএনজিটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই সিএনজিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশর ইনচার্জ মো. আবু ওবায়েদ জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাসপাতালে এসে পৌঁছেছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।



















