জয়দেবপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এসআইয়ের হাত-পা বিচ্ছিন্ন
- আপডেট সময় : ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) হাত-পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে স্টেশনের ৪ নম্বর লাইনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত এসআইয়ের নাম হাবিব। তিনি ঢাকা রেঞ্জের গাজীপুর জেলায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্টেশনের ৪ নম্বর লাইন ধরে দক্ষিণ দিকে হাঁটছিলেন তিনি। এ সময় উত্তর দিক থেকে ঢাকাগামী রাজশাহী কমিউটার ট্রেনটি আসলে তিনি চলন্ত ট্রেনের নিচে পড়ে যান।
দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি–র এসআই মো. কাইয়ুম আলী জানান, ঘটনার পরপরই দ্রুত উদ্ধার করে আহত কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।



















