কুষ্টিয়ার শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্ক থেকে বিপন্ন ঘড়িয়াল-কাছিম উদ্ধার
- আপডেট সময় : ১২:২৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়া–এর খোকসা উপজেলার শিমুলিয়া ‘ইউটিউব ভিলেজ’ পার্কের একটি চৌবাচ্চা থেকে বিপন্ন প্রাণী ঘড়িয়াল এবং তিনটি কাছিম উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে স্থানীয় এক সংবাদকর্মীর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে শিমুলিয়ার একটি বিল থেকে এক জেলের জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। পরে ওই জেলেরা নামমাত্র টাকায় পার্কের মালিক দেলোয়ার হোসেন–এর কাছে বিক্রি করেন। পার্কের মালিক প্রাণীটিকে পার্কের একটি চৌবাচ্চায় জরাজীর্ণ অবস্থায় রেখেছিলেন। সম্প্রতি একজন দর্শনার্থী ঘড়িয়ালটি দেখতে পেয়ে সাংবাদিকদের তথ্য দেন, যা ভিত্তিতে বনবিভাগ মঙ্গলবার বিকেলে উদ্ধার অভিযান চালায়।
কুষ্টিয়া বনবিভাগের কর্মকর্তারা জানান, ঘড়িয়ালটি ১৯৭০-এর দশক থেকে বিপন্ন প্রজাতির এবং বাংলাদেশে বর্তমানে মাত্র চারটি বড় ঘড়িয়াল নদীতে থাকতে পারে। পার্ক মালিক দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “জেলের কাছ থেকে সামান্য টাকায় ঘড়িয়ালটি ক্রয় করা হয়েছিল, তবে এভাবে রাখার বিষয়টি আমি জানতাম না যে এটি অবৈধ।”
জগতি বনবিভাগের ডেপুটি রেঞ্জার (ভারপ্রাপ্ত) মো. আবু বকর সিদ্দিক বলেন, “বিশ্বস্ত সূত্র ও সাংবাদিকদের সহযোগিতায় ইউটিউব ভিলেজ পার্ক থেকে মহাবিপন্ন একটি ঘড়িয়াল এবং তিনটি কাছিম উদ্ধার করা হয়েছে। এগুলো দ্রুত প্রকৃতিতে অবমুক্ত করা হবে।” তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী ঘড়িয়াল বা কাছিম ধরা, হত্যা বা অবৈধ সংরক্ষণ সম্পূর্ণ বেআইনি।
উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন জগতি বনবিভাগের ডেপুটি রেঞ্জার মো. আবু বকর সিদ্দিক, খোকসা উপজেলা বনবিভাগের কর্মকর্তা গোলাম কাজী, সাংবাদিক এবং পার্কের কর্মকর্তা ও কর্মচারীরা।



















