কক্সবাজার সমুদ্রসৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
কক্সবাজার–এর সমুদ্রসৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকা থেকে অজ্ঞাত মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে সৈকতের তীরে দুটি মরদেহ ভেসে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। মরদেহ দুটি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
টেকনাফ মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকতে মরদেহ ভেসে আসার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও নিহত দুজনের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



















