রাজবাড়ীতে জাটকা ইলিশ রক্ষা অভিযানে একজন জেলে আটক
- আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা ইলিশ রক্ষা ও সংরক্ষণ-২০২৬ উপলক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পদ্মা নদীর কলাবাগন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ারুল ইসলাম এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা পদ্মা নদীর কলাবাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন।
এছাড়া অভিযানকালে ৩০০ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশসহ ১ জেলেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন শাহ আলম শেখ (২০), গোয়ালন্দ উপজেলার হিরু শেখের ছেলে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল ইসলাম জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় নিয়মিত পদ্মা নদীতে অভিযান চালানো হচ্ছে। অভিযানের অংশ হিসাবে শাহ আলম শেখকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে।



















