চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে সুমাইয়া তাবাসসুম (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া তাবাসসুম বসন্তপুর গ্রামের প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার পর থেকে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ৮টার পর পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, খেলতে গিয়ে সে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত অপসারণ কিংবা সুরক্ষার আওতায় আনার দাবি জানিয়েছেন।



















