গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ভোট নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মীসহ ৫ জন আহত
- আপডেট সময় : ১২:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
রোববার বিকেল সাড়ে পাঁচটায় টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামে ভোট চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এতে বিএনপি কর্মী দেলোয়ার শেখ (৩৮), তার স্ত্রী আমেনা বেগম (২৬) এবং ভাতিজা কাউসার শেখসহ মোট পাঁচজন আহত হন। আহতদের মধ্যে তিনজন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রধান দুই অভিযুক্ত হলেন জিয়ারুল মোল্লা (২৮), জামায়াত কর্মী এবং দীন ইসলাম মোল্লা (২৫), শিবির কর্মী। তারা সরদারপাড়া গ্রামের স্থানীয়। দেলোয়ার শেখ বলেন, নির্বাচনের আগে ও পরে তাদের দেখলেই অভিযুক্তরা খারাপ কথা বলে হুমকি দিত। রবিবার বিকেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দেলোয়ার ও তার পরিবারের ওপর হামলা চালায়।
আহতদের মধ্যে দেলোয়ার শেখের স্ত্রী আমেনা বেগম বলেন, “আমরা বিএনপি করি, সেই কারণেই জামায়াতের লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমরা চাই তাদের কঠোর বিচার হোক।”
অভিযুক্তদের বাড়িতে গেলে তারা পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ করেননি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “ঘটনা শুনে পুলিশ সরেজমিনে তদন্ত করতে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



















