হবিগঞ্জে ফুটবল বিরোধে সংঘর্ষ, ২৫ জন আহত
- আপডেট সময় : ০৬:১০:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউনুছ মিয়া–কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এ প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে যশের আব্দা গ্রামের আহমদ আলীর ছেলে জয় ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে বাক প্রতিবন্দ্বি স্বপন মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে জয় স্বপন মিয়াকে মারধর করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে রবিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের মধ্যে আজেদা (৪৫), আমিনা (৫০), আলতাই (৫০), আলফু মিয়া (৪৫), ইয়াছিন (৩০), আহাদ (৫৫), হৃদয় (১৯), ইউনুছ মিয়া (৫৫), সাদত (৩০), কাছুম আলী (৬৫), রুচেনা (৫০), ইছাক (৪৫) ও সুজন (৩৬)–কে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।



















