বাগেরহাটে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই এলাকায় মীম আক্তার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বসতঘরের আড়ায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
নিহত মীম আক্তার সিংড়াই গ্রামের রিকশাচালক হাফিজুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
বাগেরহাট সদর মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, শনিবার রাতে শিশুটির মা তিন বছরের ছেলেকে ঘরে রেখে পাশের সবজি ক্ষেতে যান। কিছুক্ষণ পর ছোট ছেলে কাঁদতে থাকলে প্রতিবেশী নুপুর বেগম ঘরে গিয়ে দেখেন, মীম আক্তার ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।



















