বিএনপি জোট ২১৩টি, জামায়াতের ১১-দলীয় জোট ৭৪টি, অন্যান্য দল ও স্বতন্ত্র ৯ আসন পেয়েছে
- আপডেট সময় : ১২:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯ আসনের মধ্যে ২৯৬টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয়ী হয়েছেন, যার ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটের ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই ফল ঘোষণা করেন। একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ৭৪টি আসনে জয়ী হয়েছে। বাকি ৯টি আসনে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়ে এসেছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং শেখ হাসিনা-এর নেতৃত্বে সরকার গঠিত হয়েছে।
নির্বাচনে জয় উদযাপন উপলক্ষে বিএনপি কোনো বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছে। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও শুকরিয়া আদায় অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন হবে।
সকালে ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। কেন্দ্রগুলোতে এরপর গণনা কার্যক্রম শুরু হয়। শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে মোট ২,০২৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০)।
মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১,২৩২ জন। পাশাপাশি ১২৪ দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।



















