সারা দেশে সুষ্ঠু নির্বাচন চলছে: সিইসি নাসির উদ্দিন
- আপডেট সময় : ১১:১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এখন পর্যন্ত সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুই-একটি স্থানে কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধান করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
নাসির উদ্দিন বলেন, ঠাকুরগাঁয়ের একটি কেন্দ্রে জামায়াত ও বিএনপির দুই নেতাকে পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে কথা বলতে দেখেছেন—যা গণতন্ত্রের সৌন্দর্যের উদাহরণ। তিনি বলেন, “এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য।”
২০২৬ সালে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দাবি করে সিইসি বলেন, এত বড় আয়োজন বিশ্বের আর কোথাও হয়নি। তিনি জানান, বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, “প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত আমাদের আয়োজন দেখে।”
নির্বাচন পরিচালনায় বিপুল জনবল নিয়োজিত থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, প্রায় ১৭ লাখ মানুষ এ নির্বাচনী কাজে যুক্ত আছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রায় ৮ লাখ ব্যক্তি সরাসরি ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন। এত বড় সংখ্যক মানুষকে সমন্বয় করে কাজ করানো যে কতটা কঠিন, তা কল্পনা করার আহ্বান জানান তিনি।
সিইসি আরও বলেন, বিভিন্ন বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো একটি বিশাল কর্মযজ্ঞ। এ পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামনে যে চ্যালেঞ্জই আসুক, সবার সহযোগিতা নিয়ে তা মোকাবিলা করা হবে। “বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের সেই ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে,” বলেন তিনি।
পাতানো নির্বাচনের অভিযোগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয়, বরং একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, “পাতানো নির্বাচনের কথা ভুলে যেতে হবে, কেন্দ্র দখল ও ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে।”
জাতীয় নির্বাচন ও গণভোট মিলিয়ে ২৫৪ মিলিয়ন ব্যালট পেপার ছাপানো ও সারা দেশে পৌঁছে দেওয়ার বিশাল কর্মযজ্ঞের কথাও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, এত বড় দায়িত্ব কাঁধে নিয়ে নির্বাচন কমিশন সফলভাবে কাজ করে যাচ্ছে।



















