নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান
- আপডেট সময় : ১০:৪২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের মানুষ যদি নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট প্রদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, সারা দেশের পরিস্থিতির পূর্ণাঙ্গ খবর এখনও তাঁদের কাছে পৌঁছায়নি। তবে গত রাতে কয়েকটি স্থান থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ পাওয়া গেছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে সেসব ঘটনা দমন করেছে, যা ভোররাত পর্যন্ত টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি।”
দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, তিনি ইনশাআল্লাহ দৃঢ়ভাবে আশাবাদী। আগেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জয়লাভ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই হবে তাঁদের অন্যতম প্রধান লক্ষ্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ও পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন তিনি।



















