ঈদের আনন্দে ভোট দিলেন মুফতি আমির হামজা
- আপডেট সময় : ১০:৩২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তাঁর ঈদের মতো আনন্দ অনুভূত হচ্ছে। জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেছেন, উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ঈদের আনন্দ নিয়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই প্রত্যাশা করছি। জনগণের রায় আমরা মেনে নেব।” তিনি জানান, কুষ্টিয়া সদর আসনে মোট ১৪২টি ভোটকেন্দ্র রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে তাঁদের দলের এজেন্ট উপস্থিত আছেন। তিনি নিজেও সব কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন বলে জানান। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ ও সংঘাতমুক্ত বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ রয়েছে এবং দায়িত্বশীল আচরণ করছে।
তবে রাতের বেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
দেশের বিভিন্ন জেলায় জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে টাকা ও লিফলেট বিতরণের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে মুফতি আমির হামজা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও তিনি দেখেছেন। তবে তাঁর দাবি, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা দিয়ে ভোট কেনে—এটি তিনি বিশ্বাস করেন না। এসব অভিযোগকে তিনি তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিহিত করেন। পাশাপাশি তিনি বলেন, কোনো দলের পক্ষ থেকেই যেন টাকা ছড়ানো না হয়, সেটিই তাঁরা চান। নির্বাচনে জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।



















