পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পাঁচ দোকান
- আপডেট সময় : ১০:৫৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
রাজধানীর পূর্বাচল এলাকার নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, ফ্রিজ, রান্নার সরঞ্জামসহ সব ধরনের মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। হঠাৎ আগুনে বহু বছরের বিনিয়োগ ও উপার্জনের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জানান, ভোরের দিকে স্থানীয়রা মার্কেট এলাকায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত তদন্ত ও ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।



















