বাগেরহাট-৪: প্রাণনাশের শঙ্কায় স্বতন্ত্র প্রার্থী শিপন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
- আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন (হরিণ প্রতীক) নিজের ও কর্মীদের জীবনের নিরাপত্তা সংকট উল্লেখ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শিপন জানান, নির্বাচনের কয়েকদিন ধরে তাকে ও তার নেতাকর্মীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিদেশি নাম্বার থেকে হত্যার হুমকিসহ মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এছাড়া তার নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মজিদ জব্বারকেও হুমকির শিকার হতে হয়েছে। এই পরিস্থিতিতে তিনি মনে করছেন, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, ‘২০১৮ সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করলেও, এবার দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় আমাকে ২১ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করার জন্য হুমকি-ধামকী অব্যাহত রয়েছে। এমনকি জামায়াত প্রার্থীর অফিস পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হলেও তা যথেষ্ট হয়নি।’
বাগেরহাট-৪ আসনের এই সিদ্ধান্ত বিএনপির স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী দৌড়ে নতুন অস্থিরতা তৈরি করেছে। তাঁর পদত্যাগের কারণে এই এলাকায় ভোটগ্রহণ ও নির্বাচনী পরিস্থিতি নজরদারির অধীনে পরিচালিত হবে।



















