দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
- আপডেট সময় : ০৬:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালকের সহকারী ও রিকশাভ্যান আরোহী নিহত হয়েছেন।
প্রথম দুর্ঘটনা ঘটে রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকায়। স্থানীয় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে কার্ভাড ভ্যানের সংঘর্ষে ভ্যান চালকের সহকারী আল-আমিন (৪০) নিহত হন। এতে কার্ভাড ভ্যানের চালক আমিনুল ইসলাম (৪২) গুরুতর আহত হন। ঘটনা তদন্তকারী ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহত আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয় এবং ট্রাক ও ভ্যান দুটি জব্দ করা হয়েছে।
দ্বিতীয় দুর্ঘটনা ঘটে শনিবার সন্ধ্যার আগে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দরের ১৩ মাইল স্থানে। যাত্রীবাহি বাসের ধাক্কায় রিকশাভ্যানের আরোহী রফিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, তবে রাত পৌনে ৮টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী জানান, বাস ও রিকশাভ্যানের মুখোমুখী সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে।
উভয় ঘটনায় পুলিশ তদন্ত করছে এবং সড়কে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।



















