নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মী আটক
- আপডেট সময় : ০৩:২২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
মাগুরার মহম্মদপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হাসপাতালের মধ্যে প্রচারণা ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরসহ পাঁচ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আটককৃতরা হলেন— মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বীন হাফিজার, হাবিবুল্লাহ এবং এরশাদ। তারা মাগুরা-২ আসনে জামায়াত-সমর্থিত প্রার্থী এমবি বাকরের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার তারা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমতি ছাড়া ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন। এই সময় হাসপাতালের চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলী আকবার মোলা কম্বল পেতে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় আলী আকবার ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে হাসপাতালের পরিবেশ অশান্ত হয়ে ওঠে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহানুর জামান ও মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়ায় ইউএনওর নির্দেশে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, “নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



















