ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু, ঝিনাইদহে শোকের ছায়া
- আপডেট সময় : ০৫:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া খাতুন (২৩) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কের বুড়াই এলাকার মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং একই উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, দুপুরে সুমাইয়া তার স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গার আক্কাস লেকভিউ পার্কে বেড়াতে যাচ্ছিলেন। সাধুহাটী মোড় পার হয়ে বুড়াই মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ তার গায়ে থাকা ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সুমাইয়ার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে ইজিবাইকসহ হালকা যানবাহনে যাত্রীদের নিরাপত্তা বিষয়ে আরও সতর্কতা ও সচেতনতার দাবি জানিয়েছেন।



















